টেলিকম সেক্টরে উইন-উইন পরিবেশ: তারানা হালিম

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৯:১৫

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিনিয়োগবান্ধব শিল্প তৈরি করতে বিদ্যমান সমস্যা কমিয়ে এনে আমি একটি উইন-উইন পরিবেশ সৃষ্টি করতে চাই। আপনাদেরকে (অপারেটর) গণমুখী টেলিকম সেক্টর তৈরি করতে হবে।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রীর কার্যালয়ে দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানীগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ সেক্টরে কিছু সমস্যা রয়েছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং এই লক্ষ্য অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ অবস্থান ব্যক্ত করে তারানা হালিম বলেন, আমি এই শিল্পকে দুর্নীতিমুক্ত করতে চাই। দুর্নীতির ব্যাপারে আপনাদের কোন অভিযোগ থাকলে অনুগ্রহ করে আমাকে জানান এবং দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাকে সহায়তা করুন।
মতবিনিময় সভায় অপারেটররা উচ্চ করারোপ, সিম কর, প্রযুক্তি নিরপেক্ষতা ও প্রতিযোগিতামূলক পরিবেশসহ বিভিন্ন সমস্যা উত্থাপন করে এসব সমস্যার সমাধানে তার দৃষ্টি আকর্ষণ করেন। তাদের (অপারেটরদের) আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, এ সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে তিনি সকল উদ্যোগ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফাইজুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান সুনিল কান্তি বোস, গ্রামীণফোনের সিইও রাজীভ শেঠী, বাংলালিংকের সিইও জিয়াদ শেতারা, রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপন ভিরাসিংহে এবং এয়ারটেল, সিটিসেল ও টেলিটকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।