দুর্নীতি ঠেকাতে ইরাকি প্রধানমন্ত্রীর পরিকল্পনা ঘোষণা

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২০:৩৬
 
দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সরকারি খরচ কমানো ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। পরিকল্পনা মোতাবেক মেধার ভিত্তিতে সরকারি নিয়োগ, উচ্চ পর্যায়ে সংস্কার ও ভাইস প্রসিডেন্ট ও ডেপুটি প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করার কথা জানিয়েছেন তিনি।
 
সরকারি নিয়োগের ক্ষেত্রে দলীয় ও আঞ্চলিক কোটা বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এসব সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করতে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে তাকে।
IMG0
সম্প্রতি দেশটিতে দাবদাহের মধ্যে ব্যাপক লোড শেডিংয়ের কারণে জনরোষের মুখে পড়ে সরকার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও দুর্নীতি প্রতিরোধ করতে জনমত গড়ে ওঠার প্রক্ষিতে এমন সংস্কারের কথা জানালেন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
 
এর আগে গত শুক্রবার দুর্নীতি ঠেকাতে প্রধানমন্ত্রীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি। তিনিও দলীয় বিবেচনা না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার আহ্বান জানান।
 
সরকারি বিভিন্ন পদে মেধা ভিত্তিতে নিয়োগ না দিয়ে আঞ্চলিক ভিত্তিতে ও দলীয় বিবেচনায় নিয়োগ নিয়ে বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার মুখে এই পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতি বিক্ষুব্ধরা মনে করেন সরকারি বিভিন্ন পদে অস্বচ্ছ নিয়োগ দেশটিতে ক্রমবর্ধমান দুর্নীতির অন্যতম কারণ। সূত্র: বিবিসি