ব্লগার নিলয় হত্যাকাণ্ড: ডিবি পুলিশের সঙ্গে এফবিআই’র বৈঠক

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২২:৫০

আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই) ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ড নিয়ে রবিবার বাংলাদেশি পুলিশের সঙ্গে বৈঠক করেছে। রাজধানীর মিন্টো রোডে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ(ডিবি) অফিসে তিন সদস্যের এফবিআই টিম বাংলাদেশ পুলিশের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে।

ডিবি পুলিশের ডেপুটি কমিশনার মাহবুব আলম জানান, তিন সদস্যের এফবিআই টিম ডিবি অফিসে আমাদের সঙ্গে বৈঠক করেছে। নিলয় হত্যাকাণ্ড তদন্তে তাদের দিক থেকে কোনো ধরনের সহায়তার প্রয়োজন আছে কিনা, তা তারা জানতে চায়। এ ব্যাপারে পরে জানানো হবে বলে আমরা তাদের বলেছি। বৈঠকে আরেক ব্লাগার ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিত রায়ের হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট সম্পর্কে আমরা তাদের কাছে জানতে চেয়েছি।

তিনি আরো বলেন, তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, নিলয় হত্যার দায় স্বীকার করে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের ভেতর থেকেই দেয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার চারজনের একটি সন্ত্রাসী দল রাজধানীর গোড়ানে নিলয়নের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। গত রাতে নিলয়ের স্ত্রী আশামনি চার সন্ত্রাসীকে অভিযুক্ত করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।