আগারগাঁওয়ে দালাল চক্রের ৬ সদস্যকে জেল-জরিমানা

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২১:২৩
 
রাজধানীর আগারগাঁও এলাকায় দালাল চক্রের ছয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা জাতীয় পরিচয়পত্র হারানো লোকদের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ভুল সংশোধন, ভুয়া কাগজপত্র তৈরি, এমনকি হারানো পরিচয়পত্র তৈরি করে দেয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল।
 
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রিপন শেখ ও শাহীন আহমেদকে দুই মাসের করে কারাদণ্ড ও মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শেখ সোহরাব হোসেনকে পাঁচ হাজার এবং সজল হাওলাদার, শুভ ও আরিফ শেখকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
 
র্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি ফেরদৌসী রহমান জানান, দালাল চক্র ৩০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিতেন। পরিচয়পত্র হারানো ব্যক্তিরা প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত তারা নানাভাবে মানুষকে নাজেহাল করতেন। অনেক ক্ষেত্রে অল্প সময়ে পরিচয়পত্র করে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার ঘটনাও ঘটেছে। জাতীয় পরিচয়পত্র অধিদফতর দালালদের প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারির পরও তারা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।
 
এরপর দুপুরে আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ছয় সদস্যকে স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাহ্উদ্দিন মাহমুদ।