কেক কেটে মানুষের হৃদয় না কাটার আহ্বান

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৭:৫৫
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক বলেছেন, ‘বেগম খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন বন্ধ করুন। আপনি কেক কেটে এ দেশের মানুষের হৃদয় আর কাটবেন না। এ দেশের মানুষের হৃদয় হচ্ছে বঙ্গবন্ধু।’
 
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে সোমবার সকালে জোট আয়োজিত শোক র‌্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মিথ্যা জন্মদিন পালন করলে আপনাকে একদিন বাংলার জনগণ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে।’ 
 
শহীদদের স্মারণে সকালে রমনা পার্ক গেইট থেকে চিত্রনায়ক ফারুকের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। বক্তারা ১৫ আগস্ট পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করারও দাবি জানান। 
 
শোক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জোটের সাধারণ সম্পাদক নাট্যজন ফাল্গুনী হামিদ, সহ-সভাপতি চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন জোটের মুখপত্র ও কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জোটের সহ-সভাপতি চিত্রনায়ক ড্যানি সিডাক, আওয়ামী লীগের সহ-সম্পাদক এম এ করিম, জো্টের সাংগঠনিক সম্পাদক আশরারুল হাসান আসু প্রমুখ নেতারা।
খবর বাসসের।