অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বহুল প্রতীক্ষিত আইসিটি অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
আইসিটি অধিদপ্তরের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত কাজে সমন্বয়, যে কোন সমস্যার দ্রুত সমাধানসহ তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার প্রয়ান আরও একধাপ এগিয়ে যাবে। নবগঠিত আইসিটি অধিদপ্তরের প্রথম মাসিক সমন্বয় সভা সোমবার সকালে আগারগাঁওস্থ আইসিটি অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ। অধিদপ্তরের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মাহফুজুল হক।
সভায় রূপকল্প-২০২১: ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত এবং প্রান্তিক জনগোষ্ঠির কাছে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিটি অধিদপ্তর গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইিসিটি উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী ও আইসিটি সচিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করা হয় এবং ২ জন প্রোগ্রামারসহ ২০০ জন আইটি কর্মকর্তাকে স্থানান্তর অনুমোদন দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় মাঠ পর্যায়ে আইসিটির সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রেখে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একযোগ কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
