কুর্দিদের ওপর হামলা করে তুরস্ক ইসলামিক স্টেট (আইএস)কে রক্ষা করছে বলে অভিযোগ করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নেতা সেমিল বায়িক। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান কুর্দিদের উত্থান ঠেকাতে আইএস'কে ব্যবহার করতে চান।
তিনি জানান, ইরাক এবং সিরিয়ায় কুর্দি যোদ্ধারা আইএসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই যোদ্ধাদের মধ্যে পিকেকেও অন্যতম। অথচ তুরস্কসহ অনেকগুলো পশ্চিমা দেশ পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
'তুর্কিরা দাবি করে তারা ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করছে, কিন্তু আসলে তারা পিকেকের সঙ্গে লড়াই করছে' বলেন বায়িক। প্রাসিডেন্ট এরদোগান আইএসকে রক্ষা করছেন এমন অভিযোগ করে তিনি আরো বলেন, 'আইএসের বিরুদ্ধে পিকেকের লড়াইকে সীমিত রাখার জন্যই তারা এসব করছে, তারা আইএসকে রক্ষা করছে।'
গত জুলাই থেকে উত্তর ইরাকে আইএসসহ পিকেকের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে তুরস্ক। ফলে দীর্ঘদিনের সংঘাতের পর পিকেকের সাথে তুরস্কের যুদ্ধবিরতি ভেস্তে যায়। পর্যবেক্ষকরা বলছেন আইএসের চেয়ে পিকেকের লক্ষ্যবস্তুগুলোতে অনেক বেশি মাত্রায় হামলা চালাচ্ছে তুরস্ক।
আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দিদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে দেশটি। বুধবার আঙ্কারা ঘোষণা দেয়, আইএসের বিরুদ্ধে 'ব্যাপক মাত্রায় যুদ্ধের' পরিকল্পনা করছে তারা।
