সীমান্তে মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দুই কোরিয়ার সম্পর্ক। সোমবার দক্ষিণ কোরিয়া মাইন বিস্ফোরণের জন্যে উত্তর কোরিয়াকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও জানায় সিউল।
গত সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় তিনটি স্থল মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার টহলরত দুই সেনা আহত হয়। এতে একজনের দুটি পা এবং অপরজনের একটি পা কেটে ফেলতে হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সিউক সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত উত্তর কোরিয়া উদ্দেশ্যমূলকভাবেই এসব মাইন পুঁতে রেখেছিল।’ দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, উস্কানিমূলক এ কাজের জন্যে উত্তর কোরিয়াকে চড়া মূল্য দিতে হবে। বিবৃতিতে এ হামলাকে ভিত্তিহীন উল্লেখ করে এর জন্যে ক্ষমা চাইতে এবং দায়ীদের শাস্তি দিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শান্তি চুক্তির বদলে অস্ত্রবিরতির মধ্যদিয়ে দুই কোরিয়ার মধ্যকার ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধ শেষ হয়। কিন্তু দেশ দুইটি কার্যত এখনও শত্রুভাবাপন্ন। সূত্র: এএফপি
