ট্রাইব্যুনালে সিরাজ-আকরাম

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১২:২৮
একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে।
 
রমনা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল হক জানান, সিরাজ ও আকরামকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নেয়া হয়।
 
সকাল ৯টার একটু আগে ট্রাইব্যুনালে পৌঁছানোর পর যুদ্ধাপরাধ মামলার এই দুই আসামিকে রাখা হয়েছে হাজতখানায়।
 
মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ মোট সাতটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
 
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।  
 
২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের পর যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এটি একুশতম রায়।
 
দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। এরপর গত সপ্তাহে আদালত রায়ের জন্য ১১ অগাস্ট দিন ঠিক করে দেয়।