পাইকগাছার শীর্ষ সন্ত্রাসী বাবু গাইন গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৪:৫৩


খুলনার পাইকগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বাবুল হোসেন গাইন ওরফে বাবু গাইনকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-৬ এর একটি দল উপজেলার গড়ইখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

র‌্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের জনৈক হাকিমের মুদি ও কসমেটিক্সের দোকানের সামনে গড়ইখালী-আলমতলা সড়কে অভিযান চালিয়ে মোঃ বাবুল হোসেন গাইন ওরফে বাবু গাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশিয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বাবু গাইন স্থানীয় কেসমত গাইনের ছেলে। সে পাইকগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় ১২ টি মামলা ও ৩ টি সাধারণ ডায়েরি রয়েছে।

বাবু গাইন দীর্ঘদিন যাবত গড়ইখালী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এলাকায় লোকজন ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলত না বলেও জানান তিনি।

তাকে পাইকগাছা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।