মাধবপুরে অনির্দিষ্টকালের জন্য সিএনজি টেম্পু চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মাধবপুর বেবিটেক্সি সমবায় সমিতি।
সোমবার সন্ধ্যায় দু’ দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকালে মাইকে সমগ্র উপজেলায় এ ঘোষণা প্রচার করা হয়। এতে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।
জানা গেছে, কিছু দিন ধরে দু’ দল সিএনজি টেম্পু শ্রমিকের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনা বিরাজ করছে। সোমবার বিকেলে হঠাৎ পরিবহন শ্রমিকলীগের লোকজন ও টেম্পু শ্রমিক সমবায় সমিতির লোকজন দা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে খোকন মিয়া (২৮), শ্রীচরণ (২৮), মনির (২৫), সাদ্দাম (২৫), সৈয়দ মিয়া (৩২), আহাদ মিয়া (২০), ফজর আলী (৩৬), সিদ্দিক আলী (৩২), ইদ্রিস মিয়া (৩৫), হেলাল মিয়াসহ (৩২) ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় শ্রীচরণ ও মনির মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যান্যদের বি-বাড়ীয়া ও মাধবপুর হাসপাতালে ভতির্ করা হয় ।
এ বিষয়ে বেবিটেক্সি সমিতির চেয়ারম্যান ফিরোজ মিয়া জানান, ১৯৭৩ সাল থেকে সরকারি রেজিস্ট্রেশনে মাধবপুর বেবিটেস্কি সমিতি চলে আসছে। হঠাৎ করে কিছুলোক শ্রমিক সেজে বিরোধ শুরু করেছে। এ নিয়ে কয়েকদিন পূর্বে সংঘর্ষ হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিরোধের নিষ্পত্তি হয়েছিল বলে তিনি জানান। এ ঘটনায় মাধবপুরে সিএনজি টেম্পু শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন বলেন, পুলিশ যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্তক রয়েছে।
