যৌনসন্ত্রাসের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৭:৫৯
 
যৌন সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশ থেকে সংগৃহীত ৬ লাখ গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে  গণস্বাক্ষরকৃত কয়েক প্রস্থ কাগজের বই প্রধানমন্ত্রীর হাসিনার কার্যালয়ে জমা দেন তারা।
 
সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি শাহবাগে গেলে পুলিশ বাধা দেয়। পরে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে।
 
প্রতিনিধি দলে ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকি আক্তার, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক তুহীন কান্তি দাশ, মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত। দুপুর ১টার দিকে স্বাক্ষর সম্বলিত কয়েক প্রস্থ বই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন।
 
গত পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত যৌন নিপীড়নের ঘটনায় নিপীড়কদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সারা দেশ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে ছাত্র ইউনিয়ন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে লাকি আক্তার বলেন, যৌন নিপীড়ন ও সন্ত্রাসের ব্যাপকতা ও ভয়াবহ পরিস্থিতি ফুটিয়ে তুলতে এ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সব শ্রেণি-পেশার মানুষ এতে সাড়া দিয়েছেন। যৌন নিপীড়কদের শাস্তি এবং এ ধরনের ঘটনা রোধের দাবি জানানো হয়েছে।