২০৩০ সালের মধ্যে কার্বন-নির্গমন শতকরা ২৬ ভাগ কমিয়ে আনার পরিকল্পনার কথা ব্যক্ত করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। সেই সাথে পরিবেশের সাথে অর্থনীতির ভারসাম্য তৈরি করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।
অস্ট্রেলীয় রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী অ্যাবোট বলেন, প্যারিসে আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এ লক্ষ্য অর্জন করতে পারব বলে আমরা বিশ্বাস করি। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অ্যাবোট বলেন, আমরা ২০০৫ সাল থেকে ২৫ বছরে কার্বন উদগীরণ শতকরা ২৬ থেকে ২৮ ভাগে কমিয়ে আনতে পারব।
তিনি আরো বলেন, এটা একটি ভাল এবং অর্থনৈতিক ও পরিবেশ বান্ধব লক্ষ্য। এর আগে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাতীয় খনিজ সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে। তবে এ জন্য কয়লা খনিগুলো ব্যপক আকারে বন্ধ করা যাবে বলে তিনি মনে করেন না। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমণে অস্ট্রেলিয়া অন্যতম একটি দূষণকারী রাষ্ট্র। প্রধানমন্ত্রী বলেন, তাদের এ নতুন কর্মসূিচ দূষণের মাত্রা ব্যাপকভাবে হ্রাস করতে সক্ষম হবে।
