ইরাকে বোমা হামলা: নিহত ৫৮, আহত শতাধিক

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৯:৫১
 
পূর্ব ইরাকে দুটি গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৫৮ জন নিহত ছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও মেডিকেল সূত্রগুলো। খবর বিবিসি ও রয়টার্সের।
 
স্থানীয় সময় সোমবার রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এসব হামলা চালানো হয়।
 
উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল অংশের নিয়ন্ত্রণকারী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। ‘প্রত্যাখ্যানকারীদের’ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএস। শব্দটি দিয়ে শিয়াদের বুঝিয়ে থাকে জঙ্গিগোষ্ঠীটি।
 
বাকুবার চার কিলোমিটার উত্তরে হুবাইদার বাজারে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৫১ জন নিহত হন। আহত হন আরো অন্ততপক্ষে ৮০ জন।
 
দিয়ালা পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ আল তামিমি বলেছেন, ‘বরযাত্রীদের একটি গাড়িবহরের সঙ্গে মিশে গিয়ে হামলাকারী একটি তল্লাশি চৌকি পার হয়। তারপর ওই গাড়িবহর থেকে বের হয়ে  বিস্ফোরক ভর্তি গাড়িটি জনাকীর্ণ বাজারে নিয়ে বিস্ফোরণ ঘটায়।’
 
শহরের পূর্বদিকের একটি তল্লাশি চৌকিতে দ্বিতীয় আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে আরো সাতজন নিহত হন, আহত হন প্রায় ২৫ জন।
 
তল্লাশি চৌকিতে পাহারারত সেনাসদস্য ও শিয়া স্বেচ্ছাসেবক বাহিনী হাশিদ শায়াবি সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে আইএস।
 
বেসামরিক লোকজনের ওপর হামলার জন্য আইএস সাধারণত বাজার এলাকাকেই বেছে নেয়, আর নিরাপত্তা বাহিনীর উপর হামলার জন্য সামরিক তল্লাশি চৌকি।
 
গেল মাসে প্রদেশটির একটি বাজারে রমজান শেষে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের উপর চালানো আইএসের এক গাড়িবোমা হামলায় ১১৫ জন নিহত হয়েছিলেন।  
 
এ হামলার পর দিয়ালাজুড়ে, বিশেষ করে বাকুবা ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। 
 
গেল বছর বাকুবাতে ইসলামিক স্টেট (আইএস) ও ইরাকি সরকারপন্থী বেসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। তারপর থেকে শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। কিন্তু প্রদেশজুড়ে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ লেগেই আছে।