জিএসপি সুবিধা না পাওয়া দুর্ভাগ্যজনক: বিএনপি

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১১:৫৫
 
 
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জন্য জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্স বা জিএসপি কেন হয়নি, তার কারণ জানতে চেয়েছে বিএনপি। দলটি বলেছে, বাংলাদেশের জিএসপি সুবিধা না পাওয়া দুর্ভাগ্যজনক ও উদ্বেগের। তবে এই সুবিধা কেন পেলাম না, এর কারণ সরকারকে ব্যাখ্যা করতে হবে।
 
মঙ্গলবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই কারণ জানতে চান। রিপন বলেন, জিএসপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি নির্দেশনা দিয়েছিল। কিন্তু কেন সেটি বাস্তবায়ন করা হলো না? তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ ১২২টি দেশ এই সুবিধা পেলো। এখানে বাংলাদেশের নাম নেই, এটা খুবই দুর্ভাগ্যজনক।
 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৯ জুন আদেশে স্বাক্ষর করার পর ২৯ জুলাই থেকে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চল যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার অন্তর্ভূক্ত হয়। এর ফলে ওইসব দেশ ও অঞ্চল থেকে ৫০০০ ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে রপ্তানি করা যাবে। জিএসপি সুবিধা প্রাপ্ত দেশগুলোর মধ্যে সার্কভুক্ত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান থাকলেও বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে।