‘বহু সংখ্যক শ্রমজীবী বা পথ-শিশু ধর্ষণের শিকার হচ্ছে। লঞ্চ বা বাস টার্মিনাল, ফুটপাত, মার্কেট— যেসব জায়গায় আশ্রয়হীন মানুষ রাত্রি যাপন করে সেসব জায়গায় এমন ঘটনা ঘটছে’। বাংলাদেশে শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংস্থা- শিশু অধিকার ফোরাম একথা জানিয়ে বলছে, দেশটিতে মেয়ে শিশুর মতো ছেলে শিশুও বরাবরই যৌন নির্যাতনের শিকার হয়ে আসছে। তবে ছেলে শিশুর নির্যাতনের ব্যাপারটি গণমাধ্যমে প্রচার পাচ্ছে কম।
শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ বিবিসিকে বলেন, ‘আগে শুধু আবাসিক স্কুল বা মাদ্রাসায় ছেলে শিশু ধর্ষণের শিকার হতো বলে অভিযোগ পাওয়া যেত। এখন এই ক্ষেত্র আরো বিস্তৃত হয়েছে’।
মূলত এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে ঢাকার এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ আটক করার পর ছেলেদের উপর যৌন নির্যাতন চালানোর এই বিষয়টি সামনে চলে আসে।
বাংলাদেশে বহু ছেলে ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিম বা পরিবারের সদস্যদের অনীহার কারণে এসব ঘটনা প্রকাশ কম হয় বলে উল্লেখ করছেন তিনি। তিনি বলেন, শুধু যেসব ঘটনাই আমরা জানতে পারি, যেগুলো পরিস্থিতির কারণে তারা প্রকাশ করতে বাধ্য হয়। ঢাকায় নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, ঘটনাটি তখনই সামনে এসেছে, যখন ছাত্রটিকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অথচ ওই একই শিক্ষক এর আগেও ছাত্রটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে তার পরিবারের সদস্যরা এখন জানাচ্ছেন।
