প্রযুক্তির এই যুগেও আমরা চলাফেরায় নানা কষ্ট ভোগ করে থাকি। বিশেষ করে গাড়ির জন্য নিয়মিত অপেক্ষা তো একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছেন জাপানের এক প্রকৌশলী। তিনি এমন একটা গাড়ি আবিষ্কার করেছেন যা ব্যাগের মধ্যেও রাখা যাবে।
ঘটনাটি শুনে বিস্মিত হতে পারেন অনেকেই। কিন্তু ঘটনা সত্যি। কুনিয়াকো সেইতো নামের ২৬ বছর বয়সী ওই প্রকৌশলী যে গাড়ি তৈরি করেছেন তা সহজেই আপনার কাঁধ ব্যাগে বহন করতে পারবেন। আবার প্রয়োজন হলে যাতায়াতের কাজেও ব্যবহার করতে পারবেন। গাড়ি রাখার জন্য কোনো পার্কিংয়ের জায়গা দরকার হবে না। উত্পাদনকারী প্রতিষ্ঠান কোকোয়া মোটর্স এই গাড়ির নামই দিয়েছে ‘কার ইন অ্যা ব্যাগ’। ল্যাপটপ সাইজের এই গাড়িকে ওয়াককার বলেও ডাকা হয়। অ্যালুমিনিয়ামের তৈরি এই গাড়ির ওজন মাত্র দুই থেকে তিন কেজি। চলবে লিথিয়ামের ব্যাটারি দ্বারা। সম্প্রতি কোকোয়া মোটর্স গাড়িটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। পিঁড়ির মতো দেখতে গাড়িটি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলবে। আর ১২ কিলোমিটার পর্যন্ত চালাতে হলে চার্জ দিতে হবে ৩ ঘণ্টা। এটি ১২০ কেজি ওজনের ব্যক্তি বা বস্তু বহন করতে পারবে। গাড়িতে উঠলেই স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করবে। আর নামতে চাইলে হালকা করে পা নামিয়ে দিলেই হবে। যে দিকে চালক যেতে চাইবেন সেদিকে শরীর বাঁকিয়ে দিলেই হবে। সবচেয়ে ছোট্ট এই গাড়িটির দাম পড়বে মাত্র ৪শ’ মার্কিন ডলার। -ডেইলি মেইল অনলাইন
