বিমান বন্দরে শুল্ক কর্মকর্তাদের ওপর হামলা

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ০৩:৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ১২ কার্টন মাল ছিনিয়ে নিয়েছে যুবলীগ নামধারীরা। এ ঘটনায় বিমান বন্দর থানায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি করেন

 
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই সুমন কুমার চৌধুরী জানান, সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার গেট থেকে বদরুল আলম শ্যামল, ফকরুল আলম প্রিন্স, শহীদুল ইসলাম অপু, আসাদ, হাদিসউল্লাহ, ইয়াসিন, সুমন, মোহাম্মদ আলমসহ কয়েকজন কুরিয়ার আমদানি শুল্কায়ন শাখা থেকে ১৪টি কার্টন বের করে নেয়ার চেষ্টা করে। এ সময় রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম, মোজাম্মেল হক, মোস্তফা জামাল ও শাজাহান আলী তাদের কাছে কাগজপত্র আছে কি না, জানতে চান। এসময় তাদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায় তাদের সঙ্গে যুক্ত হয় অজ্ঞাত ৩০/৩৫ জন। তারা শুল্ক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে ও মালপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
 

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আসামিরা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন কুরিয়ার আমদানি শুল্কায়ন শাখা থেকে মালামাল খালাস করে আসছিল। সোমবার রাতেও তারা ১৪ কার্টন শুল্ক ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করে। দায়িত্বরত শুল্ক কর্মকর্তারা বাধা দিলে এক পর্যায়ে তারা হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ১৪ কার্টনের মধ্যে ১২ কার্টন নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।