আমানের জামিন নামঞ্জুর

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১২:৩৩


রাজধানীর বিভিন্ন থানার নাশকতার ৪৪ টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার তার আইনজীবীদের করা জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এই আদেশ দেয়।

এর আগে বুধবার সকালে আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ এই জামিন আবেদন করেন।

গত ২ আগস্ট উচ্চ আদালতের নির্দেশে নাশকতার এ মামলাগুলোতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানউল্লাহ আমান। শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে আমান কারাগারে আটক আছেন।