সিউলে জাপানী দূতাবাসের সামনে শরীরে আগুন দিয়েছে এক বিক্ষোভকারী

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৪:৫৫

সিউলে জাপানী দূতাবাসের সামনে বুধবার এক বিক্ষোভকারী শরীরে আগুন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নারীদের জোরপূর্বক সামরিক পতিতালয়ে পাঠানোর জন্য টোকিওর ক্ষমা প্রার্থণার দাবিতে তিনি এই কাজ করেন। খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অন্যান্য বিক্ষোভকারী ও জরুরি কর্মকর্তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং ওই ব্যক্তিকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

বার্তা সংস্থা ইয়োনহুপ জানায়, দক্ষিণ কোরিয়ার ওই ব্যক্তির বয়স ৮১ বছর।
কোরিয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসন অবসানের ৭০তম বার্ষিকী উপলক্ষে জাপানের দূতাবাসের সামনে প্রায় ১ হাজার বিক্ষোভকারী জড়ো হয়। জাপান ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত উপদ্বীপটি শাসন করে।