ঢাকা-সিলেট রুটে বাস চলবে ৪টা থেকে

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৬:৩২
 
যাত্রীদের পিটুনিতে চালক নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম দিয়েছে সিলেট জেলা পরিবহন সমিতি। বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বিকাল চারটা পর্যন্ত চলবে।
 
ধর্মঘট চলাকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখানে দোষীদের শাস্তির দাবিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।  এর মধ্যে দোষীদের বিচার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করবে পরিবহন শ্রমিকরা।
 
উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীদের মারপিটে চালক বাবুল চন্দ্র্র দে শিবু জ্ঞান হারান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।