ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। তাত্ক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে আনা ও ফাঁসির দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত জেলা ছাত্রলীগ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালনে মিছিল বের করে। বেলা সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে শহরের চৌরাস্তায় মিছিলটি পৌঁছলে নতুন কমিটিতে বঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুইপক্ষের ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে পথচারীসহ দুই গ্রুপের ২৫জন আহত হন।
ঠাকুরগাঁও থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
