ভারতের বিহার রাজ্যে বিজেপিকে (ভারতীয় জনতা পার্টি) ঠেকাতে একসঙ্গে মাঠে নামছে বাকি রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছকে ‘চায়ে পে চর্চা’ নামে এক মঞ্চে সংগঠিত হচ্ছে সবাই।
এনডিটিভির বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে জোটবদ্ধ হয়ে কাজ করতে এদিন এক চা পার্টি বৈঠকের আয়োজন করেছেন মমতা। এনসিপি’র (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) প্রধান শারদ পাওয়ারের দিল্লির বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব এবং আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিহারের দুই হেভিওয়েট প্রার্থী জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রধান নীতিশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব নিজেরা উপস্থিত না থাকলেও প্রতিনিধি পাঠাবেন। তবে বিহারের বিজেপি বিরোধী রাজনীতিতে নীতিশ ও লালুপ্রসাদের সহযোগী কংগ্রেসকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে আমন্ত্রণ জানাননি মমতা।
যদিও বিহারের নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস অংশ নেবে না, তারপরও প্রতিবেশী রাজ্যটিতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে ঠেকাতে মরিয়া মমতা। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির ক্যাডার বাহিনী মাঠে নামতে পারে এ শঙ্কা থেকেই দলটিকে ঠেকাতে আগে থেকেই মাঠে নেমেছেন মমতা। এদিকে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবারও বিজেপি জোটকে হারাবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।
