যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তিনটি শহরে সরকার সমর্থিত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়। হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।
লেবানন সীমান্তে বিদ্রোহী নিয়ন্ত্রিত জাবাদানি ও ইদলিব প্রদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত ফুয়া ও কাফরায়ায় এই সংক্ষিপ্ত অস্ত্রবিরতি শুরু হয়। অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বিদ্রোহীদের জোট আল-নুসরা ফ্রন্ট এবং লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র সংগঠন হিসেবে কাজ করছে হিজবুল্লাহ।
এর আগেও সিরিয়ায় স্থানীয় পর্যায়ে অস্ত্রবিরতি হয়েছে। মূলত দখল হওয়া এলাকায় খাদ্য ও স্বাস্থ্যসেবার উপকরণ সরবরাহ করার জন্য সংক্ষিপ্ত সময়সীমায় এসব অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই চার বছরে সংঘর্ষে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া এক কোটি ১৫ লাখ মানুষ, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সূত্র: বিবিসি
