রুয়েটে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৮:৪৭
 
 
ক্রেডিট কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ জানান।
 
রুয়েট উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা বর্ষ উন্নয়নের জন্য ৩৩ ক্রেডিট কমানোর অযৌক্তিক আন্দোলন করছে। আন্দোলনকারীরা যাতে কোনো ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তাদের ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল হলেই ওই বর্ষের বন্ধ ঘোষিত ক্লাস-পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলেও জানান তিনি।
 

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ৩৩ ক্রেডিট চালু থাকা পদ্ধতি বাতিলের দাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা লাগিয়ে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। এতে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।