হাতকড়া পরা অবস্থায় ছাত্রলীগ নেতার পলায়ন পরে ফের গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ২০:০৭
 
হাতকড়া পরা অবস্থায়ই পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সদরুল হক পিন্টু। পালানোর কিছুক্ষণের মধ্যেই আবারো পুলিশ তাকে গ্রেফতার করে। ছাত্রলীগের এই নেতা পাকশীর ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির বাম হাত কব্জি থেকে কেটে নেয়ার মামলার প্রধান আসামী। 
 
সূত্র জানায়, বুধবার সাড়ে দশটার দিকে পাকশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সদরুল হক পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। এসময় হাতকড়া পরা অবস্থায়ই পিন্টু পালিয়ে যায়। পরে সাড়ে এগারটার দিকে পুলিশ ঈশ্বরদী পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাকে আবারো গ্রেফতার করে। 
 
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ হাতকড়া পরা অবস্থায় আসামীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেননি। তিনি বলেন, 'গ্রেফতারের সময়ই পিন্টু দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সাথে সাথেই তাকে তাড়া করে গ্রেফতার করে পাবনা পাঠিয়ে দেয়া হয়েছে।'
 
উল্লেখ্য, গত ১ জুন এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টু ও তার গ্রুপের লোকজন ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির বাম হাত কবজি থেকে কেটে নেয়। এরপর তারা কাটা হাত নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে উল্লাস করে।