'খালেদা জিয়া এদেশে জঙ্গীবাদ সৃষ্টির প্রধান কারিগর'

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ২১:৩৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াতের সৃষ্ট জঙ্গীবাদ দমন করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে জঙ্গীবাদ সৃষ্টির প্রধান কারিগর। কেননা বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলা ভাইয়ের সৃষ্টি এবং মানুষকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, আতাউর রহমান আতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা চালিয়েছেন এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতিতে পনর্বাসিত করেছিলেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর মুক্তিযুদ্ধে বিরোধীতাকারীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। আর আমাদের হাতে হাতকড়া পড়িয়ে কারাগারে নিক্ষেপ করেছিলেন।

আওয়ামী লীগ নেতা আরো বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখন থেমে নেই। তাদের ষড়যন্ত্র চলছে এবং চলবে। তবে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন এবং দেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন।

তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ এখন নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের প্রতিহত করতে পারলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করেই আমাদের প্রমাণ করতে হবে বাঙ্গালী জাতি কখনো পরাজিত হয় না।