ম্যাগি নুডলসে সীসা

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ০৩:৪০

ভারত সরকার বহুজাতিক কোম্পানি নেসলের কাছে ১০ কোটি ডলার (৭৮০ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছে। ভারতে বাজারজাত করা নেসলের তৈরি ম্যাগি নুডলস-এ ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার পর সরকার এই পদক্ষেপ নিয়েছে।

 
সরকারের একজন মুখপাত্র জানান, ভারতের ক্রেতা স্বার্থ রক্ষায় তারা এই মামলা করেছেন। অভিযোগটি আদালতে নথিভুক্ত না হলেও আধা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ন্যাশনাল কনজিউমার রিড্রেসাল কমিশনে (এনসিডিআরসি) নথিভুক্ত হয়েছে। এনসিডিআরসি বিষয়টি তদন্ত করবে এবং ক্ষতির আকারের ভিত্তিতে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 
আগামীকাল শুক্রবার শীর্ষ এই ক্রেতা ফোরামে এ বিষয়ে শুনানি হতে পারে। মামলায় নেসলের উত্পাদিত পণ্য ম্যাগি নুডলসের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের প্রতারণা ও ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। তবে ভারতে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, ভারত সরকারের ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি।
 
এদিকে, এনডিটিভি জানায়, সরকারের মামলার খবর প্রকাশের পর ভারতের শেয়ারবাজারে দর পড়েছে নেসলে কোম্পানির। গতকাল বুধবার নেসলের শেয়ারের দাম ৪ দশমিক ৭ শতাংশ পড়ে যায়। এর আগে ম্যাগি নুডলস নিয়ে বিতর্কের জন্য বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিক্রি প্রায় ২০ শতাংশ কমে যায়।
 
কয়েক মাস ধরেই ম্যাগি নুডলসের ক্ষতিকর দিক নিয়ে তর্ক-বিতর্ক চলছিলো। ক্ষতিকর সীসার জন্য ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংগঠন ম্যাগি নুডলস নিষিদ্ধের পাশাপাশি  নেসলের কাছে ক্ষতিপূরণের দাবি উত্থাপন করে আসছিলো। শেষ পর্যন্ত সে পথেই এগোতে হয়েছে ভারত সরকারকে। নেসলের বিরুদ্ধে মামলার বিষয়ে ভোক্তা বিষয়ক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ক্ষতিপূরণের এ মামলা করা হয়েছে কারণ তারা খাদ্য নিয়ন্ত্রকের অনুমোদন ছাড়াই ম্যাগি ওট নুডলস বাজারে বিক্রি করেছে।
 
প্রায় চার মাস আগে উত্তর প্রদেশে খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নিয়মিত পরীক্ষায় নেসলে ইন্ডিয়ার তৈরি দুই ডজন প্যাকেটের ইনস্ট্যান্ট নুডলসে উচ্চমাত্রার সীসা পাওয়ার পর বাজার থেকে পণ্যটি তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়। ওই সময় এফডিএ’র কর্মকর্তারা জানান, পরীক্ষা করা সবগুলো প্যাকেটের নুডলসে দূষণ ধরা পড়ে। এতে ১৭ দশমিক ২ পিপিএম মাত্রার সীসা মেলে, যা অনুমোদিত মাত্রার চেয়ে সাতগুণ বেশি। শূন্য দশমিক শূন্য ১ পিপিএম থেকে ২ দশমিক ৫ পিপিএম পর্যন্ত সীসার উপস্থিতি গ্রহণযোগ্য বলে জানান তারা।
 
এছাড়া বিজ্ঞানীরা নুডলসে স্বাদবর্ধক মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) উচ্চমাত্রায় পাওয়ার কথা জানান। তবে সুইসভিত্তিক নেসলে এসএ’র সহযোগী প্রতিষ্ঠান নেসলে ইন্ডিয়ার দাবি, ম্যাগি নুডলস তৈরিতে সব কাঁচামালের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ও গুণগতমানের দিকটি দেখা হয়ে থাকে। কোম্পানিটির এক মুখপাত্র বলেছেন, উত্তর প্রদেশ রাজ্য সরকারের এই নির্দেশ এসেছে ২০১৪ সালের মার্চের আগে প্রস্তুত ম্যাগি নুডলস নিয়ে। এর শুরু উত্তর প্রদেশ নয়, ভারতের কয়েকটি রাজ্যে পরীক্ষা করে দেখা যায়, ম্যাগি নুডলসে এমন মাত্রায় সীসা রয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিঙ্গাপুরেও ভারত থেকে আমদানি করা ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়।
 
ভারতে নুডলসের বাজারের ৮০ শতাংশই নেসলের ম্যাগি নুডলসের দখলে ছিলো। ম্যাগি নুডলস নিয়ে অব্যাহত উদ্বেগ এবং বিতর্কের মধ্যে গত জুন মাসে ভারতের বাজার থেকে নেসলেকে তাদের ৯ ধরনের নুডলস বাজার থেকে তুলে নিতে বলা হয়। নেসলে এই পণ্যটি ভারতের বাজার থেকে প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠানটি ৪০০ টন ম্যাগি নুডলসও নষ্ট করেছে। তবে নেসলে বরাবরই বলে আসছে যে, এই নুডলসে ক্ষতিকর কিছু নেই। তারা এই পণ্য নিষিদ্ধ করতে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য আদালতের দ্বারস্থ হয়। ম্যাগি নুডলস নিষিদ্ধের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নেসলের করা আবেদনের রায় এখনো মুম্বাই হাইকোর্টে ঝুলে আছে।