ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার নিন্দা জানিয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস বলেছেন, অনলাইন এ্যাক্টিভিস্ট হত্যা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য।’ নিলয়কে রাজধানীতে গত শুক্রবার তার বাসায় কুপিয়ে হত্যা করা হয়। দেশে চলতি বছর এটি এ ধরনের চতুর্থ হত্যাকাণ্ড।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১২৬৭ ও ১৩৭৩ বিষয়ক এক কর্মশালায় গতকাল বুধবার ওয়াটকিনস বলেন, সকলেরই মতামত প্রকাশের অধিকার রয়েছে। যদি কেউ আইন লংঘন করে, যে কেউ বিচার চাইতে পারেন, তবে হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নিরাপত্তা পরিষদের রেজুলেশনে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় অবরোধ, সন্ত্রাসী হুমকি সম্পর্কে জনগণকে আরো সতর্ক করা এবং সন্ত্রাস মোকাবিলায় পর্যাপ্ত উপায়-উপকরণের বিষয় রয়েছে।
জাতিসংঘ সমন্বয়ক বলেন, বাংলাদেশে শান্তি বিরাজমান রয়েছে। এখনো কোন সন্ত্রাসবাদী সমস্যা নেই। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সজাগ করে তুলবে। ‘অপরাধ এবং সন্ত্রাসবাদ অনেক ক্ষেত্রে হাতে হাত রেখে চলে’— উল্লেখ করে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধরে রাখতে সন্ত্রাসবাদ ইস্যুতে আরো সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সমপ্রতি দেশে ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা উল্লেখ করে তিনি সুনির্দিষ্টভাবে বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের মুক্তচিন্তা ও মুক্ত মতামত প্রকাশের অধিকার রয়েছে। এর আগে জাতিসংঘ এ ধরনের সকল হত্যার নিন্দা জানিয়েছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
দু’দিনব্যাপী এ কর্মশালায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বক্তব্য রাখেন। সরকারি কর্মকর্তা, বেসরকারিখাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক সন্ত্রাসী হুমকি এবং সন্ত্রাস মোকাবিলায় পর্যাপ্ত উপায় উপকরণ সম্পর্কে জনগণকে সজাগ করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
