১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি নির্বাচন থেকে পালাবেন না। না পালিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন।’ তিনি খালেদা জিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ওই নির্বাচনে আপনাকে আমরা পরাজিত করতে চাই। নির্বাচনে আসুন, চ্যলেঞ্জ গ্রহণ করুন। নির্বাচনী মাঠে মোকাবিলা করুন। আমরা ইনশাল্লাহ বিজয়ী হব।’
তিনি বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে ১৪ দল নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বিদ্যুত্ সমস্যার সমাধান করেছেন। জঙ্গি দমন করেছেন। সমুদ্র জয় করেছেন। সীমান্ত চুক্তির বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। ২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়া আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে অংশ নিলে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল তাদের পরাজিত করবে।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম বলেন, জাতির এমন শোকের দিনে তিনি কেক কেটে উত্সব করেন। বাংলাদেশের মানুষ ঘৃণাভরে তার কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তার সামনে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নেই। তিনি সব সময় চক্রান্ত নিয়ে ব্যস্ত থাকেন। তার চক্রান্ত ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর করেছি। অনেকে বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
এর আগে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দল নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন।
এ সময় মোহাম্মদ নাসিম ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কামরুল ইসলাম, জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল, নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ রায়, ওয়াজেদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নুরুল রহমান সেলিম, ডা. শাহাদাত্ হোসেন, মাহাবুবুর রহমান, গণ আজাদী লীগের এস.কে সিকদার, কাজী আলীউল ইসলাম, আতাউল্লাহ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মোঃ ফারুক খান, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া বাটু, চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, শেখ আব্দুল হালিম, আবুল বশার খায়ের, সোলায়মান বিশ্বাস, গাজী গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেনসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
পরে তারা সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। বিকেলে ১৪ দলের উদ্যোগে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ ১৯৭৫-এর ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে মোহাম্মদ নাসিম মুকসুদপুরে এক পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অতীতের মতো নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়ে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০১৯ সালেই নির্বাচন হবে। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই নির্বাচনের মাঠেই আওয়ামী লীগ আপনাদের পরাজিত করবে। নির্বাচন পরিহার করে অন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে আপনার দলের আর কোনো অস্তিত্ব থাকবে না।