ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বেসরকারি ভার্সিটি ছাত্রদের অবস্থান আজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ০৪:৩৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অবস্থান করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ‘নো ভ্যাট অন এডুকেশন’ নামে সংগঠনের এ কর্মসূচিতে শিক্ষার্থীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত হতে আহ্বান জানানো হয়েছে।

 
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ফারহান হাবিব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারুক আহমাদ আরিফ, সালাউদ্দিন মিঠু, জাহিন ফারুক আমিন, জ্যোতির্ময় চক্রবর্তীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দ।
 
লিখিত বক্তব্যে ফারহান হাবিব বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত দুই মাস ধরে আমাদের আন্দোলন চলমান। এতে বিভিন্ন সময়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আল্টিমেটাম বেঁধে দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোন বক্তব্য না আসায় আমরা হতাশ ও মর্মাহত। সর্বশেষ, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি পেশ করে আমরা শিক্ষার উপর আরোপিত ৭.৫% ভ্যাট প্রত্যাহারে তাঁর সরাসরি হস্তক্ষেপ কামনা করি এবং ৫ দিন সময়ও বেঁধে দিই। কিন্তু আমরা কোনো ধরনের আশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পাইনি।
 

তিনি বলেন, এই ভ্যাট আরোপের মাধ্যমে শিক্ষা একটি পণ্যে পরিণত হচ্ছে এবং এই ভ্যাট প্রতিবছর বাড়তেই থাকবে। যার ফলে আগামী প্রজন্মের কাছে শিক্ষা একটি বিলাসী পণ্যে পরিণত হবে।