আদালত অবমাননার অভিযোগে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে জারিকৃত রুলের ওপর আজ বৃহস্পতিবার আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বৃহত্তর বেঞ্চ এ আদেশ ঘোষণা করবেন। রবিবার রুলের ওপর শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশ দেয়া হবে বলে জানায় আপিল বিভাগ। সেই মোতাবেক গতকাল প্রকাশিত আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে মামলাটি আদেশের জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
গত ২৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ। ‘সাকার পরিবারের তত্পরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য তাদেরকে তলবের পাশাপাশি রুল জারি করা হয়। এই রুলের উপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জনকণ্ঠের পক্ষে অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন শুনানি করেন।
