চীনে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪৪

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১২:৪৪
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে ভয়বহ বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতািধক। এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসির।
 
তিয়ানজিনের বন্দর এলাকার একটি গুদামে বুধবার দিবাগত গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে। এই গুদামে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক পদার্থ ভর্তি ছিল বলে খবরে প্রকাশ করা হয়।  
 
চীনের কর্মকর্তারা বলেছেন সেখানকার সময় রাতে পর পর দু’টি বিস্ফোরণ ঘটেছে। যার ধাক্কা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ।
কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো। চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঅনেকগুলোতে ফাটল দেখা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে। বহু দূর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতংকে বাইরে ছুটছিলেন।
 
ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে। দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। সকালেও আগুন জলতে দেখা গেছে।
 
আশপাশে বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের হাসপাতালগুলো আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে  বিবিসির সংবাদদাতা জানিয়েছে।