অ্যালিসিয়া ইন অ্যাকশন

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১২:৫৬
 
চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার মুভি ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’। যাতে অন্যতম একটি প্রধান চরিত্রে দেখা যাবে অ্যালিসিয়া ভিকানডেরকে। ছবিটি মুক্তির আগেই তাতে অ্যালিসিয়া দুর্ধর্ষ অ্যাকশন আর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। গ্ল্যামারাস এবং আবেদনময় ইমেজের এই সুউডিশ অভিনেত্রী আরও আগেই দর্শকদের আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন অভিনীত কয়েকটি সাড়া জাগানো ছবির মাধ্যমে। অ্যালিসিয়া ভিকানডেরকে নিয়ে লিখেছেন তাহমিনা মিলি

 

 

 

ষাটের দশকের সাড়া জাগানো টিভি সিরিজ ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’ অবলম্বনে বড়পর্দার জন্য সিনেমা তৈরির ঘোষণার পর থেকে দুনিয়াজুড়ে দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ অ্যাকশন থ্রিলার ধাঁচের টিভি সিরিজ ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’ একসময় দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। ষাটের দশকের শীতল যুদ্ধের সময়কার পটভূমিকায় বড়পর্দার জন্য নির্মিত ছবিটির চিত্রনাট্য সাজানো হয়েছে। এ ছবির অন্যতম প্রধান নারী চরিত্র গ্যাবি টেলারের ভূমিকায় অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকানডের। অপরাধী চক্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নামা ইউএনসিএলই এজেন্ট গ্যাবি টেলারের দুর্ধর্ষ সব কর্মকাণ্ড ফুটিয়ে তুলতে অ্যালিসিয়াকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ১৬ বছর বয়সী এই সুন্দরী সুইডিশ অভিনেত্রীকে দর্শক টিভি সিরিজে এবং বড়পর্দায় দেখেছেন। বেশকিছু উল্লেখযোগ্য কাজের সুবাদে অ্যালিসিয়া দর্শকদের আলোড়িত করেছেন। সুইডিশ শর্ট ফিল্ম এবং টিভি শোতে কাজ করার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু। এরমধ্যে উল্লেখযোগ্য একটি টিভি সিরিজ ‘অ্যান্ড্রা এভিন’ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত চলেছিল। ২০১০-এ ‘পিওর’ ছবির মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক। এ ছবিতে অভিনয়ের জন্য অ্যালিসিয়া গুল্ডব্যাগে অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ‘আনা কারেনিনা’ ছবিতে অভিনয়ের সুবাদে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া জাগান। এর মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণে সক্ষম হন। এ ছাড়া ড্যানিশ সিনেমা ‘এ রয়েল অ্যাফেয়ার’-এ অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে অ্যালিসিয়াকে দেখা যায় ‘দ্য ফিফ্থ স্টেট’ ছবিতে। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি আলোচিত ছবি ‘সেভেন্থ সন’। ‘টেস্টমেন্ট অব ইয়্যুথ’ ছবিতে তার অভিনয় বিপুলভাবে প্রশংসতি হয়েছে। এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ সায়েন্স ফিকশন থ্রিলার মুভি ‘এক্স মেশিনা’। বক্স অফিসে সাফল্য অর্জনকারী এ ছবিতে অ্যালিসিয়াকে একজন রোবট নারীরূপে দেখা গেছে। ‘সেভেন্থ সন’ ছবিতে এক সুন্দরী ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে নির্মাণাধীন বেশ অনেকগুলো উল্লেখযোগ্য ছবি। এর মধ্যে ‘টিউলিপ ফিবার’, ‘বার্নট’, ‘দ্য লাইট বিটুইন ওশানস’, ‘দ্য ড্যানিশ গার্ল’ ছবিগুলো চলতি বছরেই মুক্তি পাবে। ‘বোরনি ফাইভ’ ছবিটির কাজ শুরু হয়নি এখনো। এখন লন্ডনে ঠিকানা গড়েছেন অ্যালিসিয়া ভিকানডের। সুইডেনের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি এবং জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। আবেদনময় সাহসী পারফর্ম্যান্সের সঙ্গে তার মেধাদীপ্ত সুঅভিনয় ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে তাকে। ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’ তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।