ফ্যাশন আর স্টাইলের জগত্ থেকে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন পারনিয়া কুরেশি। একজন ফ্যাশন ডিজাইনার এবং স্টাইলিস্ট হিসেবে তার খ্যাতি ও পরিচিতি ছিল। এবার ছবির নায়িকারূপে পারনিয়ার আত্মপ্রকাশ বলিউডে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। হিন্দি সিনেমার আলোচিত এই নতুন মুখকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
প্রবীণ গুণী ও মেধাবী চিত্রনির্মাতা মুজাফ্ফর আলি অনেকদিন পর আবার ছবি পরিচালনায় ফিরে এসেছেন আরেকটি ঐতিহাসিক পটভূমিনির্ভর ছবি ‘জানিসার’-এর মাধ্যমে। ৩৪ বছর আগে তিনি ‘উমরাওজান’ ছবিটি পরিচালনা করেছিলেন। যে ছবির কথা দর্শক আজও মনে রেখেছে। ওই ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রেখা। ‘উমরাওজান’-এর মতো এবারও পরিচালক মুজাফ্ফর আলি তার নতুন ছবি ‘জানিসার’-এ একজন নর্তকীর জীবনগাথা তুলে ধরেছেন। এ ছবির নায়িকা নূর উমরাওজানের মতো ব্যক্তিত্বময়ী, নম্র, মিতভাষী নয়; সে অনেকটাই অস্থির, বিদ্রোহী, স্বাধীনচেতা, প্রগতিশীল বিপ্লবী চেতনার ধারক। এ রকম একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে পারনিয়া কুরেশি স্বাভাবিকভাবেই চমকে উঠেছিলেন। কারণ, বলিউডে পদচারণা থাকলেও অভিনয়ের সঙ্গে কোনো সময়েই সম্পৃক্ত ছিলেন না। আয়শা ছবিতে নায়িকা সোনম কাপুরের ফ্যাশন, স্টাইল, লুক ইত্যাদির নেপথ্য কারিগর ছিলেন পারনিয়া। ‘আশা’ ছবিতে ফ্যাশন ডিজাইনার, স্টাইলিস্ট হিসেবে কাজ করার পর বলিউডে তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। যদিও এর অনেক আগেই নিউইয়র্কে ‘হারপার বাজার’, ‘এলি’, ‘এন্ডি নেস্ট’-এর মতো বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে স্টাইলিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করে এসেছেন দিল্লি শহরের মেয়ে পারনিয়া। আইন বিষয়ের ছাত্রী হলেও তার ঝোঁক ছিল ফ্যাশন জগতের দিকে। তার লেখা বই ‘বি স্টাইলিস্ট উইথ পারনিয়া কুরেশি’ বেশ সাড়া জাগিয়েছে। ফ্যাশন ওয়েব সাইট ‘পারনিয়াস পপ আপ শপ’ পরিচালনা করছেন তিনি, যার ভারতজুড়ে বেশ জনপ্রিয়।
‘আমি অভিনয়ে সম্পৃক্ত ছিলাম না কখনোই, তবে কুঁচিপুরি, কত্থক নাচের তালিম নিয়েছি দীর্ঘদিন। বিভিন্ন অনুষ্ঠানে নেচেছি, প্রশংসিত হয়েছে আমার পারফর্মেন্স। ওই পর্যন্তই। তবে নাচপ্রধান একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তাও আবার প্রবীণ মেধাবী একজন চিত্রনির্মাতার ছবিতে, আমি রীতিমতো সংশয়ে পড়ে গিয়েছিলাম। নিজের যোগ্যতা নিয়ে আমি সন্দিহান ছিলাম। আমি পরিচালক মুজাফ্ফর আঙ্কেলকে বললাম, আমার স্ক্রিন টেস্ট নিতে, আসলে আমি চাইছিলাম অভিনেত্রী হিসেবে তার কাছে গ্রহণযোগ্য হতে পারব কি না তা দেখে নিতে। আমার স্ক্রিন টেস্টে সন্তুষ্ট হয়ে তিনি সঙ্গে সঙ্গে আমাকে কাস্ট করেন তার ‘জানিসার’ ছবিতে।’ বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষিক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন পারনিয়া এভাবে। যে চরিত্রটি রুপালি পর্দায় রূপায়ণের জন্য বলিউডের অনেক প্রতিষ্ঠিত নামিদামি জনপ্রিয় অভিনেত্রী মুখিয়ে ছিলেন, তাতে অভিনয়ের সুযোগ পাওয়া পারনিয়াকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছিল। ‘এমন একটি ড্রিমরোলে অভিনয়ের সুযোগ পাওয়াটাকে সৌভাগ্য বলে মনে করি, কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম,’ পারনিয়া বলেন। প্রখ্যাত চিত্রনির্মাতা মুজাফ্ফর আলি তার ‘জানিসার’ ছবিতে পারনিয়া কুরেশির অভিনয় ও নাচে দারুণ সন্তুষ্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পারনিয়ার মতো একজন নৃত্যপটিয়সী নতুন মুখের প্রয়োজন ছিল আমার, সে আমার মনের মতো কাজ করেছে। তার অনবদ্য অভিনয়, নাচ নূর চরিত্রটিকে পর্দায় উজ্জ্বল করে তুলেছে।’ বলিউডে অনেক নতুন মুখের ভিড়ে ফ্যাশন দুনিয়া থেকে আসা পারনিয়া কুরেসি একটি ভিন্ন ধারার ছবিতে চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের মাধ্যমে দর্শক-সমলোচকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন। অনেকে ‘জানিসার’ ছবিতে তার অভিনীত চরিত্রটির মধ্যে রেখা অভিনীত বিখ্যাত উমরাওজান চরিত্রের ছায়া খুঁজতে চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অভিনয়ে নবাগত পারনিয়া অনেকটাই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বলা বলে। ‘আমার অভিনীত প্রথম ছবিটি মুক্তির পর দর্শক ও চিত্রনির্মাতারা আমার অভিনয় দেখে কী চিন্তাভাবনা করেন তা জানার জন্য অধীরভাবে অপেক্ষা করছি আমি,’ পারনিয়া বলেন।
