আলভী আহমেদের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন ফারহানা মিলি। এতে দর্শকরা তাকে রুনা চরিত্রে দেখতে পাবেন। গল্পে দেখা যাবে, রুনা গ্রাম থেকে শহরে আসা খুব শান্ত স্বভাবের সহজ-সরল একজন মেয়ে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পায়। থাকেন একটি মেসে। হঠাত্ কারো কাছ থেকে প্রেমের এসএমএস পেয়ে স্বাভাবিকভাবে ভয় পান রুনা। এগিয়ে যায় নাটকের গল্প। নতুন নাটক প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনা সবসময়ই আমার ভালো লাগে। ধারাবাহিক এই নাটকে আমার চরিত্রটি অন্য সবার চাইতে আলাদা। আলভী ভাই কেন যেন চ্যালেঞ্জিং চরিত্রগুলো আমাকে দিয়ে রূপায়ণ করতে ভালোবাসেন। আমিও মন থেকে চেষ্টা করি তার মনের মতো কাজগুলো করতে। রুনা চরিত্রটি আশা করি ভালো লাগবে দর্শকের।’ ফারহানা মিলি অভিনীত আলভী আহমেদ পরিচালিত নাম ঠিক না হওয়া এই ধারাবাহিকটি খুব শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে। এটি রচনা করেছেন অরূপ শংকর মৈত্র। এদিকে ফারহানা মিলি অভিনীত মাজহারুল ইসলাম পরিচালিত ‘একজন মায়াবতী’, অরণ্য আনোয়ার পরিচালিত ‘দহন’, মারুফ মিঠুর ‘তিনি আসবেন’, বাশার জর্জিসের ‘উজান গাঙ্গের নাইয়্যা সিরিজ টু’ চারটি ভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এদিকে মিলি অভিনীত অন্য আরেকটি নতুন ধারাবাহিক নাটক হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’।
