লাক্সতারকা মিম ও চিত্রনায়ক বাপ্পী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সু্ইটহার্ট’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ চলচ্চিত্রটি এরইমধ্যে সেন্সর সনদপত্র লাভ করেছে। আগামী ভালোবাসা দিবসে মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। ভালোবাসার নতুন জুটিকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
ভালোবাসার ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের চলচ্চিত্র ‘সুইটহার্ট’। এই ছবির মাধ্যমে সিনেমাপ্রেমী নতুন জুটি হিসেবে মিম ও বাপ্পীকে দেখতে পাবেন। এই চলচ্চিত্র প্রসঙ্গে মিম বলেন, ‘সুইটহার্ট’-এর একটি গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এই চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী এ কারণেই যে, এখানেও দর্শক নতুন আমাকে খুঁজে পাবেন। আমি অনেক শ্রম দিয়েছি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। বাপ্পীর সঙ্গে আমার প্রথম কাজ হলেও আমাদের দু’জনের রসায়ন দর্শকের ভালো লাগবে।’ বাপ্পীর ভাষ্যে, ‘অনেক যত্নে, অনেক কষ্টে নির্মিত হয়েছে ‘সুইটহার্ট’। মিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। কিন্তু আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা ছিল বেশ চমত্কার। যে কারণে পর্দায় আমাদের অনেক প্রাণবন্ত লাগবে এটা আমি বিশ্বাস করি। প্রযোজক-পরিচালকের প্রতি কৃতজ্ঞ আমাকে এমন ভালো একটি কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য।’ পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমার জীবনের অন্যতম একটি চলচ্চিত্র হিসেবে বিবেচনা করছি আমি এই চলচ্চিত্রটিকে। মিম ও বাপ্পী প্রথম একসঙ্গে অভিনয় করলেও দু’জনের অনবদ্য পারফর্ম্যান্স দর্শকের মন ছুঁয়ে যাবে এটা নিশ্চিত বলতে পারি। বিশেষ করে চলচ্চিত্রটির গান দর্শকের মন ছুঁয়ে যাবে।’ এদিকে রাজা চন্দ পরিচালিত ‘রকেট’ চলচ্চিত্রের শুটিংয়ের উদ্দেশ্য নিয়ে গত রবিবার কলকাতা গেছেন মিম। সেখানে প্রায় তিন সপ্তাহ ‘রকেট’র কাজে ব্যস্ত থাকবেন তিনি। এই চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার সোহম। এছাড়া গত ঈদে মিম অভিনীত মুক্তিপ্রাপ্ত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে ফুলেশ্বরী চরিত্রে মিমের অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে। অপরদিকে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী অভিনীত ওমর ফারুক পরিচালিত ‘লাভার নাম্বার ওয়ান’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন পরীমনি ও তানিয়া বৃষ্টি। এছাড়া খুব শিগগিরই শেষ হবে বাপ্পী অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রের শুটিং। এতে বাপ্পীর বিপরীতে আছেন আঁচল।
