৩ হাজার কর্মী ছাঁটাই করবে চীনের লেনোভো

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৩:৫৩
 
অনলাইন ডেস্ক
প্রথম কোয়ার্টারে মুনাফা ৫০ শতাংশের বেশী হ্রাস পাওয়ায় তিন হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে চীনের বৃহত্ কম্পিউটার নির্মাণ প্রতিষ্ঠান লেনোভো। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
কোম্পানীর চেয়ারম্যান ও সিইও ইউয়ানকিং ইয়াং এই মুহূর্তকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বাজার পরিস্থতি বলে উল্লেখ করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বছরের প্রথম তিন মাসে লেনোভোর মোট মুনাফা ৫১ শতাংশ হ্রাস পেয়ে ১০৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২১৪ মিলিয়ন ডলার।
প্রথম কোয়ার্টারে কর পরিশোধের পূর্বে মুনাফার পরিমাণ ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। আয় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

হংকং স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো বিবৃতিতে লেনোভো জানিয়েছে, তারা বছরে ১.৩৫ বিলিয়ন ডলার ব্যয় হ্রাস করতে চায় এবং এ লক্ষ্যে তারা উত্পাদনশীল খাতের বাইরের শ্রমশক্তির মধ্য থেকে ৩ হাজার কর্মী ছাঁটাই করবে যা তাদের বৈশ্বিক শ্রমশক্তির প্রায় ৫ শতাংশ। মোবাইল ব্যবসাও পুর্নগঠনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।