তাজরীনের এমডিসহ ১৩ জনের অভিযোগ গঠন ৩ সেপ্টেম্বর

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৩:৫৪
আশুলিয়ার তাজরীন ফ্যাশন লিমিটেডে আগুনের ঘটনায় দায়েরকৃত মামলায় তাজরীনের এমডি দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আদালত আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে।
 
বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারিত দিনে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তা ছাড়া রাষ্ট্রপক্ষ অব্যাহতি শুনানির জন্য প্রস্তুত না থাকায় সময় চেয়ে আবেদন করলে শুনানি শেষে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস  জামান এই দিন ধার্য করেন।
 
এর আগে ১৬ জুন পলাতক আসামি মাহবুবুল মোরশেদ, শহিদুল ইসলাম, মঞ্জু ও রাজ্জাক জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।
 
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হন। আহত ও দগ্ধ হন দুই শতাধিক শ্রমিক। পরদিন আশুলিয়া থানার এস আই খায়রুল ইসলাম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।