তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণহতে চলেছে, তা বঙ্গবন্ধুর স্বপ্নেরই ধারাবাহিকতা। তার নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
পলক বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, প্রয়োজনে তিনি দেশের মানুষের জন্য জীবন বিসর্জন দেবেন এবং সত্যিই তিনি দেশের মানুষের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন। আমরা যারা ৭৫ এর পর জন্মগ্রহণ করেছি তাদের কৈশর, শৈশবে আমাদের মানসপটে বঙ্গবন্ধু অনুপস্থিত। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কারণতার দেশপ্রেম, ভালোবাসার কাছে ষড়যন্ত্র্রকারীরা অসহায় ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের গ্লানিকে মুছে দিয়ে আমাদেরকে মুক্ত করার জন্য উল্কার মতো সারাদেশ চষে বেড়িয়েছেন। তিনি সংগঠন গড়ে তুলে একটি নিরস্ত্র জাতিকে নিয়ে ৭ই মার্চে ডাক দিলেন স্বাধীনতার। স্বাধীনতা অর্জনের পর আমাদের কিছুই ছিল না। ব্রিজ, কালভার্ট, ব্যাংক, বীমা, স্কুল কিছুই ছিলনা। তিনি পর্যায়ক্রমে সব পুর্নগঠন করে আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়ে গেছেন। তার উদ্যোগেই ১৯৭৪ সালে বাংলাদেশ আইটিইউ’র সদস্যপদ গ্রহণ করেছিল। আজ আমরা আইটিইউ’র পরপর দুবার কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছি।
তিনি আরো বলেন, অনেকেই মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, চীন, ভারতের উদাহরণ দেন। সেসব দেশে যারা দেশকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তারা অন্তত দুই দশক রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু পেয়েছিলেন মাত্র সাড়ে ৩ বছর। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আজ আমরা উন্নতজাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হতাম। হয়তো উন্নয়নের নতুন কোনদিশা পেতাম। তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা আমাদেরকে উন্নতজীবন দানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণহতে চলেছে, তা বঙ্গবন্ধুর স্বপ্নেরই ধারাবাহিকতা। তার নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীলকান্তি বোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: ফয়জুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: জসিমউদ্দিন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি বেগম হোসনে আরা, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজের কন্ট্রোলার আবুল মনসুর মো: সফর উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খতিব উদ্দিন প্রমুখ।
