খালেদা জিয়া এখনও ষড়যন্ত্রে লিপ্ত: নাসিম

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৫:১৩
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। একই সঙ্গে তিনি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গেই আছেন। 
 
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
 
‘খবর আছে শিগগিরই সরকার পড়ে যাবে’ মর্মে সম্প্রতি খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম আরও বলেন, তার এ বক্তব্যের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। এ খবরের উৎস কী লন্ডনে আছে? কারণ প্রচারণা করেই তিনি তো লন্ডন যাচ্ছেন।
 
খালেদা জিয়াকে চক্রান্তের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতি করে। অন্যদিকে চক্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এখনও দেখছে বিএনপি। 
 
তিনি বলেন, ক্ষমতার পালাবদল হয় দুইভাবে। গণতান্ত্রিক সরকারের পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। আর স্বৈরাশাসকের বেলায় ক্ষমতার পালাবদল হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাই সরকার তার মেয়াদ পূর্ণ করে ২০১৯ সালে নির্বাচন দেবে। তাই চক্রান্ত করে কোন লাভ হবে না। চক্রান্ত অব্যাহত রাখতে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। 
 
বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচনের মাঠে আসুন, জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ যে বিজয়ী হবে তাতে কোন সন্দেহ নেই।
 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।