জেলার সাদুল্লাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ ১০ দিনেও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি।
এজাহারে বলা হয়, স্থানীয় মিনু মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করছিলেন। গত ৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে মেয়েটি ঘরের বাইরে বের হয়। এ সময় ওঁৎ পেতে থাকা মিনু মিয়া ও হেলাল শেখ তাকে অপহরণ করেন। এঘটনায় মিনু মিয়া ও হেলাল শেখকে আসামি করে সাদুল্লাপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা।
মেয়েটির বাবার অভিযোগ, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করছে না। উদ্ধার করছে না তার মেয়েকে। আরও আসামি ও তাদের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন। এতে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, আসামি গ্রেফতার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
