‘গান্ধী পরিবার কাজ না করে বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে’

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৭:৩২
 
‘কাজ না করেও বেঁচে থাকার কৌশল গান্ধী পরিবার ভালোমতোই রপ্ত করেছে’ বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে কংগ্রেসের আনা অভিযোগের প্রেক্ষিতেই গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জেষ্ঠ্য নেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
জেটলি বলেন, ‘দেশে এখনও এমন অনেক সত্ লোক আছে যারা জীবনযাপনের জন্য যুদ্ধ করে চলেছেন। কিন্তু দেশের রাজনীতিতে প্রভাবশালী একটি পরিবারের সন্তানেরা জীবনধারণের জন্য কোনও কাজ করেন না। কাজ ছাড়াই কীভাবে আয়েশী জীবন যাপন করা যায় সেই শিল্প তারা ভালোমতোই রপ্ত করেছেন’। রাহুল কোনও লেখাপড়া ছাড়াই বিশেষজ্ঞ হয়েছেন বলে  সমালোচনা করেন তিনি।
 
লোলিত মোদি বিতর্কে কয়েক দিন ধরেই ভারতের লোকসভা উত্তপ্ত । ভারতের ক্রিকেট বাণ্যিজের সাবেক এই মহারথীকে সাহায্য করার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ নিয়ে সরব কংগ্রেস। এতদিন নমনীয় থাকলেও বুধবার লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণে নামেন বিজেপি নেতারা। এ সময় তারা গান্ধী পরিবারের প্রতি ব্যক্তিগত আক্রমণও করেন।