খুলনায় নজরুল হত্যা: ডাকাত সেলিমসহ তিনজনের নামে মামলা

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৭:৫৮
খুলনায় মো. নজরুল ইসলাম ওরফে নজু (৩০) হত্যাকাণ্ডে সেলিম ওরফে ডাকাত সেলিমসহ (৩৬) তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌঁনে দুইটায় নিহতের পিতা খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন দাদো এ মামলা করেন। মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন, মো. তাইজুল ইসলাম রাজু ও সোহেল।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক নম্বর আসামি ডাকাত সেলিম বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নজুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সোয়া ১০টার দিকে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলে গিয়ে বাদী নজুর গুলিবিদ্ধ লাশ দেখতে পান।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১০টার দিকে নগরীর নতুন রাস্তা মোড়স্থ বিজিবি খুলনা সেক্টর সদর দফতর সংলগ্ন মহাসড়কে মাদকদ্রব্য বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কেসিসির ২ নম্বর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগমের ছেলে নজরুল ইসলাম নজু খুন হয়েছেন। নজুর বিরুদ্ধে মাদকদ্রব্য, নারী নির্যাতন, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ১২টি মামলা রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।