জালনোট প্রতিরোধে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-ভারত

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৭:৫৯
 
জালনোট প্রতিরোধে বাংলাদেশ-ভারত এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান। বাংলাদেশ-ভারত টাস্কফোর্সের যৌথ সভা শেষে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 
এর আগে দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) আইজি এস কে সিং এর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসেন। সভায় জালনোট ছাড়াও ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও ফেনসিডিলসহ অন্যান্য মাদক, সন্ত্রাসবাদ এবং বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ব্যাপারেও আলোচনা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান জানান, বাংলাদেশকে জাল নোট চিহ্নিত ও পরীক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহী ভারত। যাতে উভয় দেশ সম্মিলিতভাবে জাল নোট চক্রকে প্রতিরোধে সক্ষম হয়।
 

এনআইএর আইজি এস কে সিং দুদেশের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্স নিয়ে আশা প্রকাশ করে জানান, দুই দেশ এক সঙ্গে কাজ করলে এ সকল অপরাধীদের প্রতিরোধ করা সম্ভব।