মিসরে ক্রোয়েশীয় জিম্মিকে শিরশ্ছেদ করল আইএস

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৮:০৪
 
মিসরে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত জঙ্গিসংগঠন 'সিনাই প্রভিন্স' এক ক্রোয়েশীয় জিম্মিকে শিরশ্ছেদ করেছে বলে দাবি করেছে। অনলাইনে ওই জিম্মির ছিন্ন মস্তকের একটি ছবি প্রকাশ করেছে তারা। গত সপ্তাহে এই জিম্মিকে হত্যা করার হুমকি দেয়া হয়েছিল।
 
খবরটি নিশ্চিত হলে এটিই হবে মিশরীয় জঙ্গি গ্রুপ সিনাই প্রভিন্সের আটক করা প্রথম কোন পশ্চিমা জিম্মির শিরশ্ছেদের ঘটনা। আইএস-এর আনুগত্য স্বীকার করার পর মিশরের জঙ্গি দল আনসার বায়েত আল-মাকদিস তাদের নাম পরিবর্তন করে ওই নাম রাখে।
 
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিসের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা খবরটি অনলাইনে দেখেছি। কিন্তু এখন আমরা নিজস্ব উদ্যোগে এটি খতিয়ে দেখছি। খবরটি সত্য বলে নিশ্চিত হলে আমরা বিষয়টি সম্পর্কে একটি বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানাব।’
 
বার্তা সংস্থা রয়টার্সও নিরপেক্ষভাবে ছবিটির সত্যাসত্য যাচাই করতে পারেনি। ছবিতে ক্যাপশন দেয়া হয়, সময়সীমা পেরোনোর পর ক্রোয়েশীয় জিম্মিকে হত্যা করা হয়েছে, কারণ তার দেশ ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে।
 
ক্রোয়েশিয়ার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র: রয়টার্স