প্যারাগন লেদার: সার্টিফিকেট মামলায় জবানবন্দি গ্রহণ

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৯:৩৫
 
প্যারাগন লেদার অ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলার কার্যক্রম শুরু হয়েছে। ২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। সন্ধানী ক্রেডিট এ্যান্ড কো-অপারেটিভের ম্যানেজার মিজানুর রহমান ও চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ডিএমডি সিরাজুল ইসলাম জবানবন্দি দেন। আর সাক্ষ্য দিতে না আসায় আজিজুর রহমানের নামে ওয়ারেন্ট অব উইটনেস (ডব্লিউ ডব্লিউ) এবং জামিউল ইসলামের নামে সমন জারি করেছেন আদালত।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ রানা খান জানিয়েছেন, প্যারাগন লেদার অ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতারণা মামলায় সাক্ষীদের জবানবন্দি ও জেরা করা হয়েছে। আর বিচারের পরবর্তী কার্যক্রমের জন্য ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।
জানা গেছে, প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসি তদন্ত কমিটি ২০০১ সালের ৩১ মে প্রতিবেদন দাখিল করে।
 
তাতে উল্লেখ করা হয়, আসামিরা কোম্পানির শেয়ার জাল করার ব্যাপারে ভূমিকা  রেখেছেন। পরে প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে ২০ জনকে আসামি করে ২০০২ সালে মামলা করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।