৩ হাজার কর্মী ছাঁটাই করবে লেনোভো

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ২১:৩৬
 
চীনের বৃহৎ কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান লেনোভো বছরের প্রথম চতুর্থাংশে মুনাফা ৫০ শতাংশের বেশী হ্রাস পাওয়ার প্রেক্ষিতে ৩ হাজারের বেশী কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। মটোরোলার হ্যান্ডসেট বিক্রি এক তৃতীয়াংশ কমে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিলো লেনোভো।
 
কোম্পানির চেয়ারম্যান ও সিইও ইউয়ানকিং ইয়াং এ মুহূর্তকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বাজার পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। কর্মীদের ছাঁটাই করার ফলে বার্ষিক ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে কোম্পানিটির।
 
জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বছরের প্রথম তিন মাসে মুনাফা ৫১ শতাংশ হ্রাস পেয়ে ১০৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২১৪ মিলিয়ন ডলার।
 
হংকং স্টক এক্সচেঞ্জে পাঠানো বিবৃতিতে লেনোভো জানিয়েছে, তারা বছরে ১.৩৫ বিলিয়ন ডলার ব্যয় হ্রাস করতে চায় এবং এ লক্ষ্যে তারা উৎপাদনশীল খাতের বাইরের শ্রমশক্তির মধ্য থেকে ৩ হাজার কর্মী ছাঁটাই করবে যা তাদের বৈশ্বিক শ্রমশক্তির প্রায় ১০ শতাংশ। তারা মোবাইল ব্যবসাও পুনর্গঠন করার কথা জানিয়েছে। সূত্র: রয়টার্স