জয়পুরহাটে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০১:১৩

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের খনজনপুর ও হানাইল এলাকায় এ পৃথক দূর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের খনজনপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত দুটি অটোরিকশার মূখোমূখি সংঘর্ষ বাধে। এতে আব্দুল আলীম (৫০) নামে এক যাত্রী অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ী পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামে বলে পুলিশ জানায়।
অপরদিকে  হানাইল মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আকতার (১৩) মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে অভিমান করে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া হানাইল গ্রামের রেজাউল করিমের কন্যা। খবর পেয়ে পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে। পুলিশ জানায় দুটি মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় জয়পুরহাট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।