চট্টগ্রামে চাঞ্চল্যকর কোকেন মামলায় গ্রেফতার ৬ জনকে আবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার আসামিদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম ও সিএন্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলামকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কসকো শিপিং লাইনের ম্যানেজার এ কে আজাদ, গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান এবং আবাসন ব্যবসায়ী মোস্তফা কামালকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী ইত্তেফাককে বলেন, চাঞ্চল্যকর এই মামলার আসামিদের এর আগে বিভিন্ন মেয়াদে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তদন্তের প্রয়োজনে সব আসামিকে এক সাথে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ৩ জনকে ৫ দিন এবং অপর ৩ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
